ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৮

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে শরীরচর্চা শিক্ষক শুধাংশু কুমার হিরার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রীর স্বজন ও  এলাকাবাসী ঐ শিক্ষককে বেদম মারধর করে এবং গলায় জুতার মালা পরিয়ে  স্থানীয় পুলিশে সোপর্দ করে। এ সময় অভিযুক্ত  শিক্ষকের শাস্তির দাবিতে  উপস্থিত ছাত্রছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে । শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা আন্দোলন ও মিছিল বন্ধ করে দেয়। শুক্রবার সকালে উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, পুলিশ ও  বিদ্যালয় সূত্র জানায়, সকালে রাজৈর উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক শুধাংশু কুমার হিরা (৪৫) তিন থেকে চার জন ছাত্রীকে  প্রাইভেট পড়ায় । প্রাইভেট পড়া  শেষে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কথা আছে বলে বিদ্যালয়ের দোতালায় ডেকে নিয়ে যায় এবং শ্লীলতাহানি করে।  এ ঘটনা ঐ ছাত্রী বাড়ি গিয়ে মাকে জানালে মা স্বজনদের  জানায়। এঘটনা প্রকাশ হলে অভিযুক্ত  শিক্ষক শুধাংশ পালিয়ে যেতে চেষ্টা করে।  পরে তার স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে বেদম মারধর শেষে  জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে । এ সময় অভিযুক্ত  শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্র ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে । শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা আন্দোলন ও মিছিল বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অন্য আইনি প্রক্রিয়া ছাড়াও ঐ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ওসি খোন্দকার শওকত জাহান জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় এনেছি। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছে।