মাদক মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদের বিচার শুরু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

মাদক মামলায় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী পহেলা এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গত বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই আদেশ দেন। এদিকে একই আদালতে অস্ত্র মামলায় প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  মামলার বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়।

গতকাল অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য খালেদকে আদালতে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। গত বছরের ১৭ নভেম্বর এই মামলায় খালেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন র্যাবের তদন্ত কর্মকর্তা। এরপর মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে। ক্যাসিনোবিরোধী অভিযানে গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেফতার হন জি কে শামীম ও খালেদ।