দুর্ঘটনার ফাঁদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের হললিয়া খালের ওপর নির্মিত গ্রামীণ কালভার্টটির পাটাতন ভেঙে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। উপজেলা পরিষদের আওতাধীন কালভার্টটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, আজলদী-কোদালিয়া রাস্তা থেকে আগরপাট্টা হয়ে বাহরাম খানপাড়া গ্রামীণ সড়কের আওতাধীন গুরুত্বপূর্ণ এ কালভার্টটি প্রায় ৩০ বছরের পুরোনো। কালভার্টটির মধ্যস্থলে ভেঙে গিয়ে রড বেড়িয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত ও যান চলাচলে ঘটছে দুর্ঘটনা।

আগরপাট্টা গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী রানা জানান, স্কুলগামী ছাত্রছাত্রী সেতুটি পাড় হওয়ার সময় গর্তে পড়ে আহত হচ্ছে। একই গ্রামের কৃষক আব্দুল বাতেন (৭০) জানান, সবজি প্রধান এ এলাকার কৃষকরা উত্পাদিত পণ্য উপজেলা সদর ও পুলের ঘাটবাজারে পরিবহনের ক্ষেত্রে একমাত্র রাস্তাটি ব্যবহার করে। কিন্তু ব্রিজ ভাঙা থাকায় তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, এই সড়কে একটি ব্রিজের কাজ চলমান আছে। ভাঙা কালভার্টটি পুনর্নির্মাণে খুব শিগিগর একটি প্রকল্প হাতে নেওয়া হবে।