সিরীয় বাহিনীর বিমান হামলায় ইদলিবে ৩৪ তুর্কি সেনা নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩

পালটা স্থল ও বিমান হামলা চালিয়েছে তুরস্ক

বিবিসি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। হামলার প্রতিক্রিয়ায় তুরস্কও পরে সিরিয়ার সরকারি বাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলা চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় আসাদবাহিনী বিরোধীদের হাত থেকে ইদলিবের নিয়ন্ত্রণ নিতে গত কয়েক দিন ধরেই হামলার পরিমাণ ও তীব্রতা বাড়িয়ে চলছে। বৃহস্পতিবারের হামলা তারই নজির। তুরস্কের হাতয় প্রদেশের গভর্নর রাহমি দোগান সিরীয় হামলায় অন্তত ৩৩ তুর্কি সেনা নিহতের কথা স্বীকার করেছেন। আহতের সংখ্যা অগণিত, চিকিত্সার জন্য তাদেরকে তুরস্কের ভেতর নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান তুরস্কের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করার পরপরই ইদলিবে আসাদবাহিনীর বিমান হামলার খবর পাওয়া যায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা পরে সিরিয়ার সীমান্ত থেকে আসাদবাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলার নির্দেশনা দেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে এরদোয়ান শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং শরণার্থীদের স্রোত সামলাতে ইউরোপের সঙ্গে তুরস্কের সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সিরীয় বাহিনী হামলা চালালে তার প্রত্যুত্তর দেওয়া হবে বলে এরদোয়ান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। তুর্কি প্রেসিডেন্টের প্রত্যাশা ছিল, আসাদবাহিনী ইদলিবে অভিযান চালালেও, তারা যেন আঙ্কারার পর্যবেক্ষণ পোস্টগুলো থেকে দূরে থাকে। সিরিয়ার সরকার ও রাশিয়া এ দাবি প্রত্যাখ্যান করে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবারের এ পালটাপালটি হামলার পর ন্যাটোর মহাপরিচালক জেনারেল জেনস স্টল্টেনবার্গ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে কথা বলেছেন।

তুরস্কের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা আমাদের নেটো মিত্র তুরস্কের পক্ষে আছে। আসাদবাহিনী, রাশিয়া ও ইরানসমর্থিত বাহিনীগুলোর নিন্দনীয় আগ্রাসন বন্ধেরও আহ্বান জানাচ্ছি আমরা। সংকটকালে তুরস্ককে কী ধরনের সহযোগিতা দেয়া যায়, তা খতিয়ে দেখছি আমরা।’ বৃহস্পতিবারের পালাপাল্টি হামলা নিয়ে মস্কো ও আসাদবাহিনীর তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইদলিব পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন। বেলজিয়াম ও জার্মানি এক বিবৃতিতে সিরিয়ায় বেসামরিক নাগরিক হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। তবে পশ্চিমাদের এসব উদ্বেগ-উত্কণ্ঠা, আহ্বান উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে, সন্ত্রাসীদের ধাওয়া করাই এখন সিরিয়ার সংকট নিরসনের একমাত্র পথ।