এনডিটিভি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে অপরকে ছেড়ে কথা বলার প্রশ্নই ওঠে না। কিন্তু খাবার টেবিলে? খুব কমই একে অপরকে ভালো কথা বলতে শোনা যায় যে দুই নেতাকে সেই দুই বিরোধীকেই এক টেবিলে বসে পেটপুজো সারতে দেখা গেল।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে একসঙ্গেই এক টেবিলে খেতে দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে পূর্বদিকের রাজ্যগুলির ফোরাম ইস্টার্ন জোনাল কাউন্সিলের একটি সভায় যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছিলেন। নবীন পট্টনায়েক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও সেখানে উপস্থিত ছিলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশ্য এই বৈঠকে ছিলেন না। ইজেডিসির ভাইস চেয়ারম্যান এবং এর ২৪তম বৈঠকের আয়োজক নবীন পট্টনায়েক তার বাড়িতে নেতাদের একসঙ্গে বসে খাওয়ার একটি ছবি টুইট করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে উড়িষ্যায় এই প্রথম সফর অমিত শাহের। তিনি বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে একটি জনসভায়ও বক্তব্য রাখেন।
