প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার ------ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৬

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে ভাবছে সরকার। কেরানি তৈরির উত্স কিংবা কেরানিনির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান করা হবে। একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বেশি শিক্ষার্থী রাখা যাবে না, প্রয়োজনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। এর জন্য প্রত্যেক জেলাতেই মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার।’ শুক্রবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে এখন ১০০র বেশি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। সুনামগঞ্জের হাওর এলাকাতেও মেডিক্যাল কলেজের কাজ শুরু হয়েছে। ’

সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।