স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

সিরাজগঞ্জের এনায়েতপুরে খাদিজা হত্যা মামলায় আব্দুল্লাহ হোসেন (৩৫) নামে ঐ গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিদেশ পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে খুকনী মোল্লাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।  এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, পারিবারিক কলহের জেরে গত ২৩ ডিসেম্বর স্বামী আব্দুল্লাহ খাদিজাকে মারধর করলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর পরই সে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়। গোপন সূত্রে খবর পেয়ে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে থানায় এনে জেলহাজতে পাঠানো হয়।