গলাচিপায় প্রধানমন্ত্রীর খাদ্য তহবিলের চার হাজার ৪৩০ কেজি চাল জব্দ করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় উলানিয়া বন্দরের চাল ব্যবসায়ী আনছার আলী হাওলাদারের দোকান থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় ৩০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫০ কেজি ওজনের ৫২ বস্তা এবং খোলা ৩০০ কেজিসহ মোট ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ করে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, জব্দকৃত চাল স্থানীয় লোকদের জিম্মায় রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম জানান, এসব জব্দকৃত চাল কাবিখার হতে পারে। সরকারি চালের এখন বরাদ্দ নেই।
