জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে চার প্রার্থী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থীরা। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার  শেষ দিনে চার জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান জানান, প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে, ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার এবং ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল থেকেই উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা নির্বাচন কার্যালয়ের আশপাশের এলাকা প্রার্থীদের সমর্থকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে।

আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি থেকে মেয়র প্রার্থী রাজু আহমদ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারী আয়হান ও পৌরসভার মেয়র আওয়ামী লীগের সহসভাপতি সদ্যপ্রয়াত আব্দুল মনাফের  জ্যেষ্ঠ ছেলে আবুল হোসাইন সেলিম তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।