ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের
শিক্ষা কার্যক্রম উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বুধবার বিকালে উদ্বোধন করা হয়েছে্। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল) এর উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন, সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ। ছয়টি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। উপমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালও উদ্বোধন করেন।
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর সদর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ নির্বাহী পরিষদের সভাপতি মো. আবদুল হক।
চক্ষু হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে শুক্রবার মোবারক আলী চক্ষু হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে উপজেলা সদরের অদূরে চাপোড় গ্রামে ৬৮ শতক জমির ওপর এই চক্ষু হাসপাতাল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুনির উদ্দিন, ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ।
মোরেলগঞ্জে ৩৭ জন কৃষক পুরস্কৃত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী দিন বৃহস্পতিবার বিকালে ৩৭ জন কৃষককে পুরস্কার দেওয়া হয়েছে। এ বছরে কৃষি মেলায় ১১৮ জন কৃষক তাদের উত্পাদিত পণ্য উপস্থাপন করেছেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু।
জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কসবায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। সিডিসি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল ডায়াবেটিস সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প। বিজনা ডায়াবেটিক সমিতির সহসভাপতি ও কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আড়াইশ শিক্ষার্থীকে শুক্রবার সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান উপলক্ষ্যে উপজেলার আইডিয়াল শিক্ষা পরিবারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইফতেখার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মেডিক্যাল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক আশরাফুল হক দারা, ডাক্তার আসমা জাহান লিজা, মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক মালিথা প্রমুখ।
ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার ডায়াবেটিস সচেতন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিক সমিতির সভাপতি সোহেল মারুফ। বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা প্রমুখ।
তাড়াশে একুশে বইমেলা
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে শুক্রবার দুই দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ মেলা উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ প্রমুখ।
ফেসবুক গ্রুপ ক্রিকপ্লাটুনের দ্বিতীয় প্লাটুন্স ব্যাটল
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহীর রেলওয়ে মাঠে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ফেসবুক গ্রুপ ক্রিকপ্লাটুনের রাজশাহী জোনের দ্বিতীয় প্লাটুন্স ব্যাটল। ক্রিকপ্লাটুন রাজশাহী জোনের দ্বিতীয় প্লাটুন্স ব্যাটলের আয়োজক ও সার্বিক তত্ত্বাবধায়ক ফুয়াদ হোসেন আনন্দ, ইসতিয়াক হোসেন, রাশেদুজ্জামান রণ, সজীব চক্রবর্তী কাব্য, অনিক আহমেদ, মিলন ও সিয়াম জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের ক্রিকেটকে সঙ্গে নিয়ে পথচলা শুরু হয়েছিল ফেসবুক গ্রুপ ক্রিকপ্লাটুনের। গ্রুপটির নিয়মিত কাজের অন্যতম ‘প্লাটুন্স ব্যাটল’। যে অনুষ্ঠানে সারাদেশের গ্রুপ প্লাটুনিস্টরা একত্রিত হন।
বাউল উত্সব সমাপ্ত
নওগাঁ প্রতিনিধি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে নওগাঁয় তিন দিনব্যাপী বাউল উত্সব সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শহরের মুক্তির মোড়ে মুক্ত মঞ্চে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে প্রতিদিন হাজার হাজার দর্শক-শ্রোতার সমাগম ঘটে।
টেলিকম ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর টেলিকম ব্যবসায়ী সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পুরাতন বাজার কালিসাগর পাড়ে সমিতির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা প্রমুখ।
