নালিতাবাড়ীতে নির্মাণের ১১ বছর না পেরোতেই ভোগাই নদীর ব্রিজের মাঝখানের একটি অংশ ভেঙে পড়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার দুপুরে মালামাল-বোঝাই একটি ট্রাক সড়ক ও জনপথের ঐ ব্রিজে উঠলে এ ঘটনা ঘটে ।
প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নাকুগাঁও ব্রিজটি ২০০৯ সালে জনসাধারণ ও যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সর্বাধিক ১০ টন বহন ক্ষমতা সম্পন্ন ব্রিজটি উন্মুক্তের পর থেকেই নালিতাবাড়ীর নাকুগাঁও এবং হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের কয়লা-পাথর বোঝাই ভারী যানবাহন চলাচল করছে। এর মধ্যে গত কয়েক বছর ধরে যোগ হয়েছে ভোগাই নদীর বালু ভর্তি ট্রাক।
নদীর পূর্বপাড়স্থ রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, অতিরিক্ত বালুবোঝাই ও বন্দরের অতিরিক্ত কয়লা-পাথরবোঝাই ট্রাক যাতায়াতের ফলে ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা জানান, ব্রিজের কাজ নিম্নমানের এবং লোডও বেশি পড়ে। গত ১০ বছরে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, ব্রিজের বিভিন্ন স্থানে ঢালাই উঠে এবড়োখেবড়ো হয়ে যাচ্ছে।
এ বিষয়ে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের আহসান উদ্দিন আহমেদ জানান, অতিরিক্ত মালামাল-বোঝাই যানবাহন চলাচল করায় এমনটি ঘটতে পারে। সাময়িকভাবে হালকা যান চলাচলের জন্য ধসে যাওয়া অংশ মেরামত করা হয়েছে। দ্রুত স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
