আশুলিয়ায় পল্লি চিকিত্সককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহকে কেন্দ্র করে জয়নাল আবেদীন (৫০) নামের এক পল্লি চিকিত্সক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকায়। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নিহতের স্ত্রী লায়লা খাতুন (৪২) ও পুত্র লিমন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন ঐ এলাকায় একটি ফার্মেসির দোকান চালাতেন। কিছুদিন যাবত্ পরকীয়ায় আসক্ত হলে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বাসায় স্ত্রী ও পুত্রের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী লায়লা খাতুন ও পুত্র লিমন তাকে মারধর করে। এ সময় লিমন শাবল দিয়ে পিতার মাথায় ও কাঁধে আঘাত করলে জয়নাল মারাত্মকভাবে জখম হন। পরে তাকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে নিহত জয়নালের ভাই নাজমুল হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন এবং নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন।