কুপিয়ে জখম এবং আবাসিক হলে আটকে রেখে ছাত্র নির্যাতনের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। সাময়িক বহিষ্কৃতরা হচ্ছেন বাংলা বিভাগের ছাত্র তাহমিদ জামান নাভিদ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ছাত্র আল-সামাদ শান্ত।
পাশাপাশি পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাঁচ কর্মদিবসের মধ্যে ঐ কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলম, শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষক সাদমান শাকিব বিন রহমান ও সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার।
এর আগে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শের-ই-বাংলা হলের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রসংগত, গত ২৫ ফেব্রুয়ারি রাতে শের-ই-বাংলা হলের ৪০১৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র মো. শাহজালালকে তার কক্ষ থেকে ডেকে ১০০১ নম্বর কক্ষে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করা হয়। একই দিন বিকেলে চার শিক্ষার্থীকে কুপিয়ে আহত করে অপর শিক্ষার্থীরা।
