বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্রটি বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর নির্বাচন কমিশন শুনানি শেষে তাদের এই সিদ্ধান্ত জানায়। এর ফলে আগামী ২১ মার্চের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আমিরুল আলম মিলনকে জাপা প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। তবে বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ঋণ খেলাপি ও পৌরকর পরিশোধ না করা এবং জাতীয় পার্টির ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। তখন আওয়ামী লীগের প্রার্থী আমিরুল আলম মিলনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।
বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন জানান, নির্বাচন কমিশন শুনানি শেষে আমার মনোনয়নপত্রটি অবৈধ বলে আদেশ দিয়েছে। আমি ঐ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তপশিল ঘোষণা করে। গত ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
