সঠিক রায় দেওয়ার সাহস করছেন না বিচারপতিরা :বিএনপি

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৭

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতি দেখে বর্তমান বিচারপতিরা বেগম খালেদা জিয়ার জামিনে সঠিক রায় দেওয়ার সাহস করছেন না। দুই বছরের বেশি সময় ধরে কারারুদ্ধ খালেদা জিয়া তার বয়স, অসুস্থতাসহ সব বিবেচনায় জামিনের যোগ্য হলেও গণভবনের সরাসরি হস্তক্ষেপে জামিন পেলেন না। আদালতের ন্যূনতম স্বাধীনতা থাকলে খালেদা জিয়া জামিন পেতেন। এই বাংলাদেশে ফাঁসির আসামিরাও জামিন পায়। শত শত কোটি টাকা লুট করা ব্যক্তিরাও জামিন পায়। অথচ একজনমাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সা আর প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে নিজের পছন্দমতো সুচিকিত্সার সুযোগ দিতে জামিনও দেওয়া হচ্ছে না। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘আওয়ামী সিন্ডিকেটের পকেট ভারী করতে বিদ্যুত্ ও পানির মূল্যবৃদ্ধি’

জনগণকে শোষণ করে আওয়ামী সিন্ডিকেটের মুনাফা আর লুটপাটের জন্যই সরকার বিদ্যুত্ ও পানির মূল্য বৃদ্ধি করেছে বলে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুত্-পানির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা না করে সম্পূর্ণ গণবিরোধী নিশিরাতের এই সরকার বিদ্যুত্ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করেছে।