এই সময়ের ছড়া
শুকনো কথায় ভেজে না তো চিড়া—এ কথা হয়তো ঠিক
কিন্তু এরও রয়েছে অনেক ভেবে দেখবার দিক।
অল্পবিদ্যা ভয়ংকরীর যত হামবড়া কথা
বের করে আনে তার ভেতরের সবটুকু মূর্খতা।
জাঁদরেল বউ, বদরাগী স্বামী, দাপুটে অফিস-বস
জেনে রাখবেন—বুঝেশুনে কথা বললে থাকেন বশ।
মিষ্টি কথায় দূর হয়ে যায় নানাবিধ ভুলভ্রান্তি
মিটে যায় বহু ঝগড়া-বিবাদ আসে কাঙ্ক্ষিত শান্তি।
কারো কারো কথা কী যে জাদুকরি শুনতেও লাগে ভালো
ঘোর তমসায় সে কথা জ্বালায় ভগ্ন হূদয়ে আলো।
কথার পৃষ্ঠে বললেই কথা কেউ কেউ হয় ক্রুদ্ধ
আর এটা বেশি দীর্ঘ হলেই বেধে যেতে পারে যুদ্ধ।
‘উচিত কথায় কুটুম বেজার বিড়াল গরম ভাতে’
উচিত কথাটা বলাও যাবে না তাই সকলের সাথে।
ফিরিয়ে নেয়া তো যায় না কখনো একবার বলা কথা
ধনুকের ছিলা থেকে নির্গত দ্রুতগামী তীর যথা—
