লোকালয় থেকে উদ্ধার বানরছানা সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:১৭

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় বকুলতলা গ্রামের মোবারেক আলী তালুকদারের বাড়ি থেকে বনরক্ষীরা একটি বানরছানা উদ্ধার করে রবিবার সকালে সুন্দরবনে অবমুক্ত করেছে। এর আগে শনিবার রাতে বনরক্ষীরা গোপন সূত্রে খবর পেয়ে ঐ বাড়িতে গিয়ে খাঁচায় আটকে রাখা বানরছানাটি উদ্ধার করে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. শামসুল হক জানান, গত তিন দিন আগে মোবারেক আলী ভোলা নদীর চরের কাদামাটিতে আটকে পড়া অবস্থায় বানরছানাটি দেখতে পান। এ সময় বানরটি পোষার উদ্দেশ্যে ধরে তার বাড়িতে নিয়ে যান। এই খবর জানতে পেরে শনিবার রাতে ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান ঐ বাড়ি থেকে বানরটি উদ্ধার করেন। ঐ বন কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে বানরছানাটিকে ভোলা টহল ফাঁড়িসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।