দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক উত্সবে যোগদান ও উপজেলা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয় নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় বিদ্যালয় সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ প্রতিনিধি আগামী ৬, ৭ ও ৮ মার্চ সিরাজগঞ্জে ৩৯তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে রবিবার সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যাপক টি এম সোহেল আহ্বায়ক, সম্মেলন উদ্যাপন কমিটি, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমুখ।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জুড়ীর জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে রবিবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম এই কর্নার উদ্বোধন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আজমল আলী কাজল, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ডিকশনারি বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার ২০১৮-১৯ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও ডিকশনারি বিতরণ করা হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদে এগুলো বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ শীর্ষক সেমিনার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় রবিবার স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ এবং সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
পুলিশ ‘মেমোরিয়াল ডে’ পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে রবিবার যথাযথ মর্যাদায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আওরঙ্গজেব মাহবুব, পিপিএম। এর আগে র্যালি বের করা হয়। এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন মামলায় সাত জন গ্রেফতার
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশের দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম রবিবার বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় সাত জনকে গ্রেফতার করেছেন। চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলস পরিদর্শনে শিল্পসচিব
খুলনা অফিস খুলনা নিউজপ্রিন্ট ও খুলনা হার্ডবোর্ড মিলস পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম। রবিবার দুপুরে তিনি মিল দুটি পরিদর্শন করেন। এ সময় শিল্পসচিব হার্ডবোর্ড মিলের পরিত্যক্ত জমিতে ১৫ হাজার টন ধারণ ক্ষমতার সারের গোডাউন নির্মাণ ও রাসায়নিক শিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে খোঁজ নেন। এছাড়া খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনের সুযোগের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
জাতীয় বিমা দিবস পালিত
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা নালিতাবাড়ীতে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে রবিবার জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
০
