আবারো ‘পটাকা’ নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

 

চলতি বছরের মাঝামাঝিতে বেশ সমালোচিত ছিলেন নুসরাত ফারিয়া। এর কারণ, নিজের কণ্ঠে গাওয়া ‘পটাকা’ গানটি। ২৬ এপ্রিল ইউটিউবে উন্মক্ত করা এই গানটির সুর ও সঙ্গীত করেন প্রীতম হাসান। পছন্দের বিপরীতে গানটি নিয়ে বিতর্কই হয়েছে বেশি। পটাকা গান দিয়ে ফারিয়া যে ভক্তদের মন জয় করতে পারেননি তার প্রমাণ পাওয়া এই গানের রেকর্ডসংখ্যক ডিজলাইকে!

তবে নতুন খবর হলো, পটাকা গানটি দিয়েই ২০১৮ সাল শেষ করবেন ফারিয়া। খ্রিস্টীয় বছরের প্রথমদিনকে স্বাগত জানাতে ফারিয়া ছুটছেন কলকাতায়। ৩১ ডিসেম্বর থেকে টানা ৩ দিন কলকাতার বিভিন্ন মঞ্চ মাতাবেন তিনি। শোগুলোতে ফারিয়া ছাড়াও কলকাতা ও মুম্বাইয়ের তারকারাও উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানেই ফারিয়া পটাকা গানটি গাইবেন।

নুসরাত ফারিয়া বলেন, ‘কলকাতার সবচেয়ে বড় থার্টিফার্স্ট নাইট শোতে পারফর্ম করবো। আমার পারফর্মেন্সটা বিশেষ। কেননা আমি কাউন্ট ডাউনের সময় পারফর্ম করবো। ২৯ তারিখ কলকাতায় যাচ্ছি। টানা ৩ দিন শো। এই শোতে আমি নিজের অভিনীত চলচ্চিত্রগুলোর গান ছাড়াও পটাকা গানটি পরিবেশন করবো।’

এছাড়া কলকাতার নায়কদের বিপরীতে পরিচিত মুখ নুসরাত ফারিয়া এই প্রথম ঢাকার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করলেন। তবে চলচ্চিত্র নয়, শাকিব খানের সঙ্গে বিজ্ঞাপনে এসেই বেশ সাড়া মিলছে বলে জানিয়েছেন তিনি। এদিকে, শামীম আহমেদ রনির নির্মাণে শাহেনশাহ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতেই দেখা যাবে নুসরাত ফারিয়াকে। চলচ্চিত্রটির শুটিং শেষের পথে। নতুন বছরে মুক্তি সম্ভাব্য চলচ্চিত্রের তালিকায় ঢুকে পড়েছে এটির নাম।