অবশেষে হারল লিভারপুল

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:৪০

লিভারপুলের নষ্ট হওয়া সুযোগগুলো

 স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে হারের তিক্ততা প্রায় ভুলতেই বসেছিল লিভারপুল। ৪২২ দিন আগে ম্যানচেস্টার সিটির কাছে সর্বশেষ হেরেছিল কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা! মাঝের সময়টা ছিল দোর্দণ্ড প্রতাপের। এমন লিভারপুলকেই গত শনিবার রাতে হারের বিস্বাদ মনে করিয়ে দিল জয়টির পরও অবনমন অঞ্চলে থাকা ওয়াটফোর্ড। ৩-০ ব্যবধানের এ হারে বহু অর্জনের সুযোগও  হাতছাড়া হয়েছে মোহামেদ সালাহদের।

লিভারপুল আগের ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে দুই গোল হজম করার পর থেকেই মূলত সতর্ক সংকেতটা বাজছিল। ওয়াটফোর্ডের সঙ্গে খেলার শুরু থেকেই এটি আরো প্রকট আকার ধারণ করে। প্রথমার্ধে ফরোয়ার্ড জেরার্ড দেলোফিউ আর অধিনায়ক ট্রয় ডিনির কাছে নাকাল হলেও গোল হজম করেনি লিভারপুল।

ওয়াটফোর্ড প্রথমার্ধে আধিপত্য বিস্তারের পর গোলের দেখা পায় বিরতির পর। গোলের সূচনা করেন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেরই স্বদেশি ইসমাইল সার। ৫৪ থেকে ৬০, এই ছয় মিনিটে তার জোড়া গোলের পরও আশা ছিল লিভারপুলের। চলতি মৌসুমে যে শেষের দশ মিনিটে সবচেয়ে বেশি ১২ পয়েন্ট জিতেছে দলটি! তবে ৭২ মিনিটে ডিনির গোলে সব আশা উবে যায় কোচ য়ুর্গেন ক্লপের দলের। ৪২২ দিন আর ৪৪ ম্যাচে অপরাজিত থাকার পর হার এড়াতেই পারল না লিভারপুল। এই পরাজয়ের পর অনেক অর্জনের সম্ভাবনা হাতছাড়া হয়ে গেছে দলটির। আগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতে ম্যানচেস্টার সিটির টানা জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছিল অল রেডরা। এদিন জিতলে এককভাবে লিভারপুলের হয়ে যেত সেটা, সেটা হাতছাড়া হয়ে গেছে। ইউরোপের সেরা পাঁচ লিগে বায়ার্নের টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসানোর সুযোগও হারিয়েছে তারা। হারিয়েছে অপরাজিত থেকে লিগ জেতার সুযোগও।

কোচ ক্লপ সুযোগ হারানোর চেয়ে বড়ো করে দেখলেন রেকর্ডের চাপ সরে যাওয়াকেই, ‘একে আমি বরং ইতিবাচকভাবে দেখতে চাই। এখন থেকে আবারও আমরা স্বাধীনভাবে ফুটবল খেলতে পারব। আমাদের আর কোনো রেকর্ড ধরে রাখতে হবে না।’ এই হারে নিজেদের দায় দেখলেও ক্লপ অভিনন্দনই জানালেন প্রতিপক্ষকে, ‘গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ওয়াটফোর্ডকে অভিনন্দন জানানো। যোগ্য দল হিসেবেই জিতেছে। এটাই শিরোনাম হওয়া উচিত। যেভাবে প্রয়োজন ছিল সেভাবে পারফর্ম করতে পারিনি আমরা আর ওয়াটফোর্ড যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই নৈপুণ্য দেখিয়েছে।’ তবে ক্লপ জানালেন, আগের ফলাফল কিংবা ভবিষ্যতে যেসব পারফর্ম্যান্স অপেক্ষা করছে দলের, তাতে মোটেও ওয়াটফোর্ড ম্যাচের কোনো যোগসাজশ নেই। এদিকে ওয়াটফোর্ড এ ম্যাচে জয় নিয়ে অবনমন অঞ্চল থেকে গোল ব্যবধানে ওপরে উঠে এসেছে। দলটির কোচ নিগেল পিয়ারসনও জয়টিকে এর বেশি গুরুত্ব দিলেন না। ইংলিশ কোচের ভাষ্য : ‘এটা কেবলই একটা ম্যাচ। আমাদের দশ ম্যাচ বাকি এবং আজকের পারফর্ম্যান্সটাকে ভবিষ্যতেও ধরে রাখার চেষ্টাটা করে যেতে হবে আমাদের।’

অলরেডদের বিরুদ্ধে অতীত পারফর্ম্যান্সের ছাপ মোটেও পড়তে দেয়নি দল। পিয়ারসন সন্তুষ্ট তাতেই, ‘অতীতে ফলাফলগুলো মোটেও আমাদের পক্ষে কথা বলছে না। কিন্তু আজ আমরা দারুণভাবে মানিয়ে নিয়েছিলাম এবং এটাই আমার জন্যে গুরুত্বপূর্ণ।’