করোনা ভাইরাস আতঙ্কে ফুটবল

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:৪২

শিরোপা নাও পেতে পারে লিভারপুল!

 স্পোর্টস ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে এ মাসের আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলো হুমকিতে পড়তে পারে। তবে তার আশা চলতি বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমস ক্ষতিগ্রস্ত হবে না।

পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় গত বৃহস্পতিবার ইন্টার মিলান যখন বুলগেরিয়ার লুডোগোরেটসের বিরুদ্ধে ইউরোপা লিগের ম্যাচটি সান সিরোয় দর্শকবিহীন হয়ে খেলে। সামনে মার্চের শেষে ইউরো ২০২০ এবং কিছু আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

তাহলে কি করোনা ভাইরাসের শঙ্কার কারণে খেলাগুলো স্থগিত রাখা হবে? জবাবে ইনফান্তিনো বলেছেন তার কাছে ফুটবলের চাইতেও মানুষের স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সবকিছুর ঊর্ধ্বে এবং তিনি একই সঙ্গে আশা করেন এর প্রাদুর্ভাব বাড়ার পরিবর্তে কমে আসবে।

এদিকে করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে লিভারপুলও। ৩০ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দলটি। কিন্তু বিশ্ব জুড়ে মহামারির রূপ নিতে যাওয়ায় এই ভাইরাসের কারণে যদি প্রিমিয়ার লিগও বন্ধ ঘোষণা করা হয় তবে শিরোপা নাও জেতা হতে পারে লিভারপুলের। এমনই খবর দিয়েছে ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বের অনেক টুর্নামেন্টই স্থগিত কিংবা বাতিল করা হয়েছে শেষ কিছু দিনে। চীনের ফুটবল লিগের সব খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে ইতালির ফুটবলেও। এমন অবস্থায় ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখা দিয়েছে স্থগিতাদেশের শঙ্কা।

তবে স্থগিত হলে পরে অনুষ্ঠিত হবার একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি শেষমেশ বাতিলই হয়ে যায় চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ সেক্ষেত্রে কপাল পুড়তে পারে লিভারপুলের।  কেননা টেলিগ্রাফ জানাচ্ছে, কোনো দৈব দুর্বিপাকে যদি প্রিমিয়ার লিগের মৌসুম সূচি আগেই শেষ করতে হয় তাহলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিই যে শিরোপা জিতবে এমন কোনো নিয়ম প্রিমিয়ার লিগের বাইলজে নেই। কারণ সেটা হলে অবনমন অঞ্চলে থাকা দলগুলোর প্রতি ন্যায্য আচরণ করা হয় না।

করোনা ভাইরাস খুবই দ্রুতগতিতে ইউরোপে ছড়িয়ে পড়ছে। তাতে ইংল্যান্ডে শঙ্কা, সকল ক্রীড়া কর্মকাণ্ডও দুই মাসের জন্যে বাতিল ঘোষণা করতে পারে যুক্তরাজ্য সরকার। শোনা যাচ্ছে, সেটা হলে বিগত রাউন্ডের ফলাফলও বাতিল হবে কি না এ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আপত্কালীন আলোচনায় বসবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

এ আলোচনায় যদি মৌসুমের সব ফলাফল বাতিলের সিদ্ধান্তই নেওয়া হয় তাহলে সবচেয়ে বড়ো ক্ষতিটা যে লিভারপুলেরই হবে তা বলাই বাহুল্য।