এশিয়া কাপ ২০২০
স্পোর্টস রিপোর্টার
চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায়। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এসিসির বৈঠক আগামী তিন মার্চ। এর আগেই বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছিলেন, এশিয়া কাপের এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে, সেখানে গিয়ে খেলতে নারাজ ভারত। সেজন্যই পাকিস্তানের আয়োজনে এবারের এশিয়া কাপ হবে দুবাইয়ে। এটা অনেকটা ২০১৮ সালের পুনরাবৃত্তিই ঘটতে চলেছে। সেবার আয়োজক ছিল ভারত। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতে দল পাঠাতে রাজি না হওয়ায়, এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবারও তেমনটাই ঘটতে চলেছে। আর বিসিবি সভাপতি গতকাল জানালেন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এসিসির সভা পর্যন্ত অপেক্ষা করতে। তিনি বলেন, ‘ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না এটা একটা ইস্যু। ভারতকে ছাড়া আমরা এশিয়া কাপটা চাচ্ছিও না। তাই, আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এসিসির পরবর্তী সভায় এটি সিদ্ধান্ত হবে। যেহেতু আগেই আরব আমিরাতের একতা ভেন্যু ছিল, সবচেয়ে বেশি সম্ভাবনা ওখানেই হওয়ার। এ জন্যই হয়তো কেউ বলেছে খুব সম্ভবত ওখানে হবে। সিদ্ধান্ত এখনো হয়নি, সিদ্ধান্ত হবে আমাদের পরবর্তী এসিসি সভায়, ওখান থেকেই ঘোষণা করা হবে। আর এখানে মূল সিদ্ধান্তটা নিতে হবে পাকিস্তানকেই।’
এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটের। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলগুলো নিজেদের ঝালাই করে নেওয়ার দারুণ এক সুযোগ পেতে যাচ্ছে।
