আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে দিন দিন কর্মী কমে যাচ্ছে, কিন্তু নেতার সংখ্যা বাড়ছে। আমাদের এতো নেতা দরকার নেই। আমাদের সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে, কত নেতা! নেতার অভাব নেই। গতকাল রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা মুজিববর্ষে আওয়ামী লীগে সুবিধাভোগী সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দখলদার মাদক কারবারিকে জায়গা দেব না। নেতা হতে হলে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। দলের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, পকেট কমিটি করে আওয়ামী লীগকে দুর্বল করবেন না। পকেটের লোকদের নিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাবাদীদের হাতে চলে যাবে। মশারির ভেতর মশারি টাঙাবেন না। ঘরের ভেতর ঘর বানাবেন না। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। ত্যাগী নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও বেগম আখতার জাহান।
এদিকে, দ্বিতীয় বারের মতো রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মো. ডাবলু সরকার। গতকাল দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। এদিকে, দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক মহানগর সম্মেলনে প্রদত্ত বক্তৃতায় বলেন, আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে হবে।
