পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, পুলিশ পরিবারের যোগ্য সন্তান ও পোষ্যদের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি পুলিশ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমাদের সন্তানদের জন্য স্কলারশিপ ও পরিবারের জন্য আর্থিক সুবিধা আরো বাড়ানো হবে। গতকাল রবিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ‘মুজিববর্ষের অঙ্গীকার; পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিবছর কর্মস্থলে নিহতদের স্মরণে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে আয়োজিত হয়।.
আইজিপি বলেন, যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করে যাচ্ছে। বাংলাদেশকে নিরাপদ রাখতে জঙ্গি-সন্ত্রাস-মাদকমুক্ত করে গড়ে তুলতে পুলিশ সদা নিয়োজিত রয়েছে। প্রতিটি সদস্য পরম মমতায় তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত জাতির প্রতিটি ক্রান্তিকালে অনেক পুলিশ সদস্য তাদের জীবন উত্সর্গ করেছেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যদের সন্তানদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অবসর ও দায়িত্ব পালনকালে মারা গেছেন এমন সদস্যদের সন্তানদের পড়াশুনা নিয়মিত করা ও উচ্চতর ডিগ্রি অর্জনে বৃত্তি চালুর পরিকল্পনা চলছে। আহত ও পঙ্গু সদস্যদের চিকিত্সার পাশাপাশি বাইরে সকল ইউনিটেও মেডিক্যাল সুবিধাদি নিশ্চিত করা হচ্ছে। যেসব পুলিশ সদস্যের সন্তানরা চাকরিযোগ্য তাদের একটি ডাটাবেজ করারও নির্দেশনা দেন তিনি।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে’—এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ১৭৯টি পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকার নগদ এফডিআর, ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ প্রধান। কেন্দ্রীয়ভাবে ঢাকা, পাশাপাশি রেঞ্জ ও জেলা পর্যায়ে পালিত হচ্ছে দিবসটি।
