প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

আপডেট : ০১ মার্চ ২০২০, ২২:৪০

গোপালগঞ্জে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগরে এ ঘটনা ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত হয়েছেন তিন জন। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

গোপালগঞ্জ :ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। দগ্ধ প্রাইভেটকারের আরো দুই জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ঐ দুই জনের মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। নিহতরা হলেন :নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহিন আলম (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। তবে খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

মাগুরা :গতকাল                                                               একটি প্রাইভেট কার ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী রাব্বি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রায়হান মৃধার ছেলে। রাব্বি মাগুরা টেকনিক্যাল স্কুলের ছাত্র ছিলেন।

খুলনা অফিস : খুলনায় মোটরসাইকলে দুর্ঘটনায় রাসেল মোল্লা (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায়  হুমায়ুন বিশ্বাস (২০) ও মাজেদুল গাজী (২২) নামে তার দু’ বন্ধু আহত হয়। তাদের আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।                              

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী আকবর নামে ষাটোর্ধ্ব এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায়  আরো ৮ যাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে  রাউজান উপজেলার গহিরা শান্তির দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। 

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত আরেকজন মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন রমজান আলী (৪০) রবিবার ভোর ৬টায় মারা যান। এনিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৮-এ।