ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত বছরের শেষ দিকে তার বান্ধবী ক্যারি সাইমন্ডসের সঙ্গে বাগ্দানে আবদ্ধ হয়েছেন এবং এ যুগল তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সাইমন্ডস নিজেই এ তথ্য প্রকাশ করেছেন। খবর বিবিসির।
নিজের পোস্টে নিজেকে ‘অবিশ্বাস্য রকম আশীর্বাদধন্য’ বলেও অ্যাখ্যা দিয়েছেন ক্যারি। ৫৫ বছর বয়সি জনসন ও ৩১ বছর বয়সি সাইমন্ডস গত বছর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ওঠেন। তারাই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে থাকা প্রথম অবিবাহিত যুগল। ক্যারি লিখেছেন, ‘অনেকেই আপনারা এরই মধ্যে জেনে গেছেন, কিন্তু আমার যে বন্ধুরা এখনো জানেনি, তাদের বলছি—গত বছরের শেষদিকে জনসন ও আমার বাগ্দান হয়েছে। আমরা এখন গ্রীষ্মের শুরুতেই সন্তানের প্রত্যাশা করছি।’
সাইমন্ডসের সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে হলে এটা হবে জনসনের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মেরিনা হুইলারকে বিয়ে করেছিলেন। চার সন্তানের জনক-জননী জনসন ও হুইলার ফেব্রুয়ারিতে আদালতের এক শুনানিতে অর্থকড়ি সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর পর বিচ্ছেদের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছিলেন। ১৯৯৩ সালে বিয়ে হলেও ২০১৮ সাল থেকে তারা আলাদা থাকছেন। জানা গেছে, ২০১৯ সালের শুরুর দিকে কনজারভেটিভ পার্টির সাবেক কমিউনিকেশন প্রধান সাইমন্ডস ও জনসনের মন দেওয়া-নেওয়া শুরু হয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই বাগ্দান ও নতুন সন্তান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর আগে টনি ব্লেয়ার ও ডেভিড ক্যামেরনও ডাউনিং স্ট্রিটে থাকাকালে সন্তানের পিতা হয়েছিলেন।
