রাখাইনে বিদ্রোহী-সেনা সংঘর্ষ পাঁচ রোহিঙ্গা নিহত

আপডেট : ০১ মার্চ ২০২০, ২২:৪১

সহিংস কবলিত রাখাইনে বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে পাঁচ রোহিঙ্গা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় আইনপ্রণেতা ও দুই বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, মন্দিরের শহর এমরাউকে শনিবার সেনাবাহিনীর একটি বহরে আরাকান আর্মির বিদ্রোহীরা হামলা করলে লড়াই শুরু হয়। স্থানীয় এমপি তুন থার সেইন এবং বিদ্রোহী সংগঠনের মুখপাত্র খিনে থু খা এই তথ্য জানান। মুখপাত্র খিনে থু খা বলেন, বেসামরিক রোহিঙ্গা হতাহতের জন্য সরকারি বাহিনী দায়ী। তবে সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  প্রসঙ্গত, গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে                            গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মিয়ানমার সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়। মিয়ানমারের সশস্ত্র বাহিনীগুলো যাতে নতুন করে গণহত্যা না চালায় কিংবা উসকানি না দেয় সেজন্য ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরনের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চার মাসের মধ্যে আইসিজেতে জমা দিতে হবে। এরপর চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত প্রতি ছয় মাসে একটি করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।