শুরু হলো জাতীয় পথ নাট্যোত্সব

আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:৩৪

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রত্যয়ে শুরু হলো সাত দিনব্যাপী জাতীয় পথনাটক উত্সব ২০২০। এবার এ উত্সবের প্রতিপাদ্য বিষয় ‘যুদ্ধ মাসে কেটেছে আঁধার ছড়িয়ে দাও শিল্পের অধিকার’। রবিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এই উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ এবং নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা।

কে এম খালিদ বলেন, সব গণতান্ত্রিক আন্দোলন ও সংকটের সময়ে পথনাটক বিশেষ ভূমিকা পালন করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় সবসময় পথনাটকের সহযোগিতা করে এসেছে এবং আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

এর আগে উত্সবে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস ও উত্সবের আহ্বায়ক মিজানুর রহমান। ঘোষণাপত্র পাঠ করেন পরিষদের কার্যনির্বাহী সদস্য হামিদুর রহমান। উত্সব শুরু হয় জাতীয় সংগীত ও গণসংগীতের মধ্য দিয়ে। এসময় অনিক বসুর পরিচালনায় উত্সব নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠন ‘স্পন্দন’।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী মঞ্চে অপেরা নাট্যদল পরিবেশন করে নাহিদ স্মৃতির রচনা ও নির্দেশনায় পথনাটক ‘ভাসা ভাসা ভাষার কথা’, ঢাকা থিয়েটার মঞ্চ পরিবেশন করে আফরীন হুদা তোরার রচনা ও নির্দেশনায় পথনাটক ‘ভাস্কর্য’, ভিষণ থিয়েটার পরিবেশন করে অধ্যাপক মলয় ভৌমিকের রচনা ও শেখ ফিরোজ আহমেদ বাবুর নির্দেশনায় পথনাটক ‘প্রতিপক্ষ’ এবং বাঙলা নাট্যদল পরিবেশন করে নাসির আহম্মেদ দুর্জয়ের রচনা এবং হ ম সহিদুজ্জামানের নির্দেশনায় পথনাটক ‘বৃত্ত’। উত্সবের সাত দিনে একই স্থানে প্রতিদিন বিকালে মোট ৩৮টি পথনাটক প্রদর্শিত হবে। উত্সব চলবে আগামী সাত মার্চ পর্যন্ত।