পাপিয়া ও তার স্বামীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:৩৫

বিদেশে টাকা পাচারের অভিযোগে গ্রেফতারকৃত নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানের জন্য দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজকে অনুসন্ধান কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসা, জাল টাকার ব্যবসা ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোটি টাকার সম্পদ পাচার এবং কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এ অনুসন্ধান।