একটি হত্যা মামলায় একই সময়ে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দিতে শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেজাম উদ্দীনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৯ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মামলার দুই আসামির জামিন শুনানিকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাব্বির হামজা চৌধুরী, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী)।
২০১৮ সালের ৫ জুলাই ভ্যানচালক খলিল ফকির হত্যা মামলায় তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ঐ বছরের ১৯ জুলাই তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেজাম উদ্দীন। যেখানে সিআরপিসির ১৬৪ ধারায় তিন জনের জবানবন্দি রেকর্ডের সময় দেখানো হয়েছে একই। বিষয়টি নজরে আসায় হাইকোর্ট তলবের আদেশ দেয়।
