সাব রেজিস্ট্রার কার্যালয়কে নিজেদের অধীনে নিতে চায় ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের অধীন হিসাব নিয়ন্ত্রকের (রাজস্ব) কার্যাবলী এবং ভূমি সেবা প্রদান কার্যক্রমকে সহজীকরণের লক্ষ্যেই এই চাওয়া। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটে মোট জমির পরিমাণ, দখল-বেদখলের পরিমাণ এবং এ বিষয়ে মামলার সংখ্যার তথ্য সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অর্পিত সম্পত্তির যেসব জমির কোনো দাবিদার নেই সেগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশও করেছে কমিটি। এছাড়া বৈঠকে মাঠ পর্যায়ে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করে রিপোর্ট প্রদানের অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়কে। সংসদীয় কমিটি নীলফামারী গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, আনোয়ারুল আজীম, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও আমিনুল ইসলাম অংশ নেন।
