স্পোর্টস রিপোর্টার
অ্যাডিলেড ও পার্থে আগের দুই টেস্টে আট ইনিংসে মুরালি বিজয় ও লোকেশ রাহুল মিলে মাত্র ৯৫ রান করেছেন। বিরাট কোহলি ও চেতশ্বর পুজারার সাথে দু’জনের কেউই মানিয়ে নিতে পারেনি। যে কারণে তৃতীয় টেস্টে তাদের বাদ দিতে বাধ্য হয়েছেন ভারতীয় নির্বাচকরা। মেলবোর্নে এই দুই ওপেনারকে বাদ দিয়ে ইনিংস ঘোষণা করেছে ভারত। অন্যদিকে সিরিজের এই তৃতীয় টেস্টের জন্য ফর্মহীনতায় থাকা ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে বাদ দিয়ে অল-রাউন্ডার মিচেল মার্শকে দলে ডেকেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
চার ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজার দর্শকের প্রত্যাশা পূরণে তাই বক্সিং ডে টেস্টেই এগিয়ে যেতে চায় অসিরা। লোকেশ ও বিজয়ের স্থানে ইনিংস ওপেন করাতে পারেন নবাগত মায়াঙ্ক আগারওয়াল ও হনুমা বিহারী। মিডল অর্ডার থেকে হনুমাকে ওপেনিংয়ে যাচাই করে দেখতে চায় টিম ইন্ডিয়া।
এদিকে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা অভিজ্ঞ রোহিত শর্মাকে ফিট ঘোষণা করা হয়েছে। মেলবোর্ন টেস্ট খেলবেন তিনি। তবে পেটের পেশীতে টান পড়ায় পার্থে না খেলা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সুস্থ হয়ে উঠতে পারেননি। তার স্থানে রবিন্দ্র জাদেজাকে ফিরিয়ে আনা হয়েছে। মেলবোর্ন টেস্টে বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে বোঝাপড়া আশা করছে ভারত। আজিঙ্কা রাহানে বলেন, ‘আমরা ব্যাটিং ইউনিটের কথা বলি তখন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষ করে বিদেশের মাটিতে খেলতে নামি, দক্ষিণ আফ্রিকা সফর থেকে আমাদের বোলাররা ২০ উইকেট শিকার করছেন। সুতরাং ব্যাটসম্যানরা বোলারদের সাহায্য করলে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে।’
পার্থ টেস্টের অভিজ্ঞতাকে পিছনে ফেলে মেলবোর্নে নতুনভাবে শুরু করতে চান পরাজিত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘একটি দল হিসেবে ২-০’তে এগিয়ে থাকা কিংবা ১-০’তে পিছিয়ে থাকার পর পরবর্তী টেস্টে মূলত তার কোনো প্রভাব পড়ে না বলেই আমি দেখেছি। সে কারণেই গুরুত্বপূর্ণ হচ্ছে খেলতে নেমে সেই ম্যাচটার প্রতি নজর দেওয়া, বর্তমানে থাকা। আমাদের শুধুমাত্র ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। খুব বেশি উত্তেজিত হলে চলবে না, ম্যাচের আবহের সাথে মানিয়ে নিতে হবে।’
পার্থে লড়াকু সেঞ্চুরি করা কোহলির আউটটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও বিষয়টি মোটেই মাথায় রাখতে চান না ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে। অবশ্যই কিছু কিছু বিষয় মাঠে ঘটে যায়, কিন্তু কোনো কিছুই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আমি নিশ্চিত যা ঘটেছে তা টিম পেইন ও আমি বুঝতে পেরেছি। অপ্রয়োজনীয় কোনো কিছুই আমরা করতে চাইনি। আমরা আমাদের দলকে নেতৃত্ব দিতেই মাঠে নেমেছি, সমর্থকরাও তাই চাই।’
পার্থে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরেও উইনিং কম্বিনেশন ভেঙে দলে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মার্শকে ডেকে তারা মূলত পেস আক্রমণে কিছুটা চাপ কমাতে চেয়েছে। পার্টটাইম সিমার হিসেবে মার্শ মাঝে মাঝে দলকে সহযোগিতা করে থাকেন। মেলবোর্ন টেস্ট যদি পুরো পাঁচদিনে গড়ায় তবে সিডনিতে চতুর্থ ও শেষ টেস্টের আগে মাত্র তিনদিন সময় পাবে খেলোয়াড়রা। চার ইনিংসে হ্যান্ডসকম্বের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৪, ১৪, ৭ ও ১৩ রান। পেইন বলেন, ‘আমি নিশ্চিত পিট এই মুহূর্তে খুব হতাশ হয়েছে। অবশ্যই নির্বাচকদের সাথে তার কথা হয়েছে। আশা করছি এই হতাশা সে কাটিয়ে উঠতে পারবে।’
একইসাথে পেইন আরো জানিয়েছেন উইনিং কম্বিনেশন ভাঙার কারণে দলের উপর তার কোনো প্রভাব পড়বে না বলেই তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, গত বছর অ্যাশেজ সিরিজেও আমরা এটা করেছিলাম। দীর্ঘ সিরিজে সকলের মত নিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচণ্ড গরমে আমাদের খেলতে হচ্ছে, বোলারদের উপর যা বাড়তি চাপ সৃষ্টি করছে।
দুই দল
অস্ট্রেলিয়া দল:
মার্কোস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক), জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লিঁও, মিচেল স্টার্ক।
ভারত দল:
মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋশভ পান্ত, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ।
