স্পোর্টস রিপোর্টার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান পাবে না পেসার মোহাম্মদ আব্বাসকে। যদিও, আজ থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে থাকছেন ফখর জামান। হাঁটুর ইনজুরি কাটিয়ে তিনি এখন শতভাগ ফিট। লম্বা ইনজুরিতে থাকা শাদাব খানেরও এই টেস্ট খেলা হবে না।
সেঞ্চুরিয়ন টেস্টের আগে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য দিলেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, ‘আব্বাস প্রথম টেস্ট খেলার জন্য ফিট নয়, তবে দ্বিতীয় টেস্টে ওর সার্ভিস পাওয়া যাবে। প্রথম টেস্টে শাদাব খানও থাকবে না। তবে, ফখর এখন শতভাগ ফিট।
এর অর্থ হলো পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টে বাকি থাকছেন মোহাম্মদ আমির, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইয়াসির শাহ। সব ঠিকঠাক থাকলে এই পাঁচজনের সবাই খেলে ফেলবেন বক্সিং ডে টেস্ট।
এদিকে দক্ষিণ আফ্রিকা দলে নেই ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি। দীর্ঘদিনের হাঁটুর ইনজুরিতে তিনি দলের বাইরে রয়েছেন। স্বস্তির বিষয় হচ্ছে সমপ্রতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অভিজ্ঞ ডেল স্টেইন আবারো ছন্দে ফিরেছেন। আর মাত্র একটি উইকেট পেলেই দেশের শীর্ষ উইকেট শিকারি হিসেবে নিজেকে আসীন করবেন স্টেইন। দলে আরও রয়েছেন কাগিসো রাবাদা। তৃতীয় পেসার হিসেবে ডুয়ানে অলিভারকে নিয়ে স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টি লিগে তিনি সর্বোচ্চ উইকেট দখল করেছেন।
ভার্নন ফিল্যান্ডারের জায়গায় দলে জায়গা পেয়েছেন ড্যান প্যাটারসন। তবে, ডেল স্টেইন, কাগিসো রাবাদা ও অলিভারকে নিয়ে সাজানো দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগে জায়গা করে নিতে প্যাটারসনকে হয়ত আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে এবি ডি ভিলিয়ার্সের অবসরের পর কিছুটা হলেও তারা পিছিয়ে পড়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও এইডেন মার্করাম ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মৌসুমে জয়ী হোম সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছে। কিন্তু এবারের মৌসুমে এখনো ফর্ম ফিরে পাননি।
৩৫ বছর বয়সী হাশিম আমলা বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে রয়েছেন। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করার পর ১০ টেস্টে আমলা মাত্র চারটি হাফ সেঞ্চুরি করেছেন। এই ম্যাচগুলোতে তার ব্যাটিং গড় ছিল ২৪-এর নিচে। গত সপ্তাহে ফ্রাঞ্চাইজি ম্যাচে তিনি প্রথম বলেই আউট হন। তবে দ্বিতীয় ইনিংসে ৬১ রান করেছিলেন। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও উইকেটরক্ষক কুইন্টন ডি কক মোটামুটি ফর্মে রয়েছেন। কিন্তু থেনিস ডি ব্রুয়েন ও টেম্বা বাভুমা যথাক্রমে পিঠ ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সমপ্রতি ফ্র্যাঞ্চাইজি ম্যাচগুলোতে খেলেননি।
বক্সিং ডে টেস্টকে সামনে রেখে পাকিস্তানি কোচ মিকি আর্থার দলের সাফল্যের মূল নিয়ামক হিসেবে ব্যাটসম্যানদের বড় রান সংগ্রহের ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘একটি বিষয় আমরা ভালোমতোই জানি যে আমাদের সহজেই ২০ উইকেট নেবার ক্ষমতা আছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ হলো স্কোরবোর্ডে ৩৫০-৪০০ রান যোগ করা।’
