বিনোদন রিপোর্ট
বরেণ্য সুরকার সেলিম আশরাফ আর নেই। রবিবার দিনগত রাত তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শ্বাসকষ্ট, রক্ত এবং কিডনির সমস্যা ছিল দীর্ঘদিন।
শ্বাসকষ্ট, রক্ত ও কিডনির সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে ১৩ দিন চিকিত্সা করিয়েছিলেন সুরকার সেলিম আশরাফ। তখন থেকে কয়েক মাস তিনি বেশ সুস্থ ছিলেন।
এরপর গত বছরের ফেব্রুয়ারিতে তার শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় চিকিত্সার ব্যয় নিয়ে সমস্যায় পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আবার তার চিকিত্সা শুরু হয়। কিন্তু চলতি বছরের শুরুর দিকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেলিম আশরাফ। সেই অসুস্থতা তাকে শেষ পর্যন্ত নিয়ে গেল না ফেরার দেশে। সংগীত জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় গানে সুর দিয়েছিলেন প্রয়াত সেলিম আশরাফ। এরমধ্যে দেশত্ববোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ ও ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো’ উল্লেখযোগ্য। তার সুরে গান গেয়েছেন স্ত্রী আলম আরা মিনুও। মৃত্যুর সংবাদটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে সবাইকে বিষয়টি জানান। তিনি বলেন, অদির বাবা সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী। মানুষটি যেনো আপনাদের সবার ভালোবাসায় ওপারেও ভালো থাকেন।’ নির্মাতা ও উপস্থাপক আনজাম মাসুদ তাঁর মৃত্যুতে বলেন, ‘কালজয়ী অনেক গানের সুর স্রষ্টা সেলিম আশরাফ। যে মুক্তিসেনাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার মাস মার্চ মাসেই আমাদের ছেড়ে চলে গেলেন, সাড়ে তিন হাত মাটির কবরের মাটি অঙ্গে মেখে নিলেন। জনপ্রিয় এই গীতিকবি ও সুরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা তাঁর বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
