তামিমের হয়ে ম্যাকেঞ্জির ব্যাটিং

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৩

দেবব্রত মুখোপাধ্যায়, সিলেট থেকে

মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে নেমে একটু স্ট্রেসিং করে নিলেন।

কোনোক্রমে গা গরমের পর্ব শেষ করেই নেটের দিকে ছুটলেন তামিম ইকবাল। তার নেটের দুই পাশে দাঁড়িয়ে তীক্ষ চোখে ব্যাটিং দেখলেন কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। মাঝে মাঝেই তামিমের সঙ্গে দুই জন কথা বললেন। বোঝা গেল, দলের কেন্দ্রবিন্দুতে এখন তামিম ইকবাল।

আগের রাতের ম্যাচের নায়ক ছিলেন লিটন দাস ও সাইফউদ্দিন। কিন্তু ক্রিকেটীয় আলোচনায় গতকাল সারাদিন সবার কেন্দ্রে তামিম। অনেকদিন ধরেই ওপেনিং করতে গিয়ে পাওয়ার প্লেতে রানের চাকা সচল রাখতে ব্যর্থ হচ্ছেন এই দেশসেরা ওপেনার। স্ট্রাইকরেট নিয়মিত কমছে। জিম্বাবুয়ের একেবারেই অনভিজ্ঞ বোলিংয়ের বিপক্ষেও সেই ধারাটা ধরে রাখায় আলোচনা বেশ তুঙ্গেই উঠল। অবশ্য গতকাল সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এসে নানাভাবে তামিমকে রক্ষা করার চেষ্টা করলেন ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি।

ম্যাকেঞ্জি বলছিলেন, তামিমের যে রেকর্ড, তাতে তার এই অল্প সময়ের ব্যর্থতাকে এতো কঠিনভাবে দেখার কিছু নেই, ‘আমার মনে হয় না যে, তামিম দিনের পর দিন ব্যর্থ হচ্ছে। সে মাত্রই খেলায় ফিরল। আপনার ওর রেকর্ড দেখতে হবে। এটা তো জানা কথা যে, সে একজন ক্লাস খেলোয়াড়। আমার মনে হয়, দিনের পর দিন ব্যর্থ, এটা ওর প্রতি কঠিন কথা হয়ে যায়। আমরা জানি, ও কতো রান করেছে। ওর যে যোগ্যতা, তাতে ওর মতো খেলোয়াড়ের জন্য রান স্রেফ অপেক্ষা করছে।’

মাঝে একটা কথা উঠেছিল যে, তামিম দলের নির্দেশেই এমন খেলেন। কিন্তু সেই তত্ত্ব খারিজ করে দিয়ে ম্যাকেঞ্জি বললেন, ‘না, সে তার গেমপ্ল্যান জানে। আমরা এখানে কেউ স্কুলমাস্টার না যে বলবো কি করতে হবে, কি করতে হবে না। আমরা আমাদের মতামত দিই, টেকনিক্যাল পরামর্শ দেই। খেলোয়াড়দের দায়িত্ব খেলায় সেটা প্রয়োগ করা। আমি তরুণ ক্রিকেটারদের কথা বলছি না, আমি সিনিয়র ক্রিকেটারদের কথা বলছি।’

তবে ম্যাকেঞ্জি মনে করেন, ভুলটা বুঝতে পারলে তামিমই সবার আগে বুঝতে পারবেন, ‘বিশ্বাস করুন, যদি আপনারা মনে করেন সে কোনো ভুল করেছে; আপনার বোঝার আগে সে বুঝে যাবে যে সে ভুল করেছে। তামিম নিজের ওপর অনেক চাপ দেয়। সে যদি আরো দুই-একটা বাউন্ডারি আদায় করে নিতে পারে তাহলে আপনারা সব ভুলে বলবেন ‘হি ইজ ব্যাক।’

বাংলাদেশের এই দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ বলছিলেন, তামিম চেষ্টা করছেন অনেক, ‘এমন না সে চেষ্টা করছে না বা এমনও না যে সে ফিট না। সে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট। আমার তামিমকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। আমি অনুশীলনে তার পেশাদারিত্ব দেখেছি।’

ম্যাকেঞ্জি বিশ্বাস করেন, এই সময় খুব দ্রুত কাটিয়ে উঠবেন তামিম। তিনি বলছিলেন, ‘আমি দেখছি না সে ধীরে ব্যাট করছে নাকি দ্রুত রান তুলছে। আমরা জানি সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। সে ভালো মানের বোলারদের বিপক্ষে ভালো শট খেলেছে। আমরা যেটা চাচ্ছি যে পাওয়ার প্লেতে সে আরেকটু বেশি শট খেলুক। আমরা জানি সে কি করতে পারে। বিপিএলে ২ বছর আগে সে ম্যাচ জেতানো বড়ো সেঞ্চুরি করেছিল। আমরা জানি সে কি করতে পারে আর সেটা খুব দূরে নেই।’