ভারতের আরেকটি হোয়াইটওয়াশ-লজ্জা

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড সফরে ভারতের শুরু আর শেষের মধ্যে ব্যবধানটা আকাশ আর পাতালের। শুরুতে যেখানে নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বিরাট কোহলির দল, সেখানে এবার টেস্টে হোয়াইটওয়াশ হয়ে গেল। এর আগে হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজেও। বোঝাই যাচ্ছে, সময়টা ভালো যাচ্ছে না ভারতের।

ক্রাইস্টচার্চে গতকাল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে কোহলির দল হেরেছে সাত উইকেটের বড়ো ব্যবধানে। তিন দিনেই জয়ের বন্দরে পৌঁছে গেল নিউজিল্যান্ড। এর আগে ওয়েলিংটনে স্বাগতিকরা জিতেছিল ১০ উইকেটে। সিরিজ তারা জিতে নিল ২-০ ব্যবধানে।

সিরিজের বাজে ফলাফলের জন্য কোহলি দুষলেন ব্যাটসম্যানদের। তিনি সমস্যা দেখছেন মানসিকতায়। বললেন, ‘এই কন্ডিশনে যেমন ব্যাটিং দরকার ছিল সেটা আমরা পারিনি। আমরা খুব ইতিবাচক থাকতে চেয়েছিলাম, কিন্তু আমরা নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে পারিনি। এমন না যে, আমাদের ব্যাটসম্যানদের খেলায় বড়ো কোনো সমস্যা আছে। এটা মানসিক ব্যাপার। এই পর্যায়ের খেলায় সেটা হতেই পারে। সেই সত্যটা আমরা মেনে নিয়েছি। এখন এই অবস্থা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

নিজেদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৯০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ভারত। টেল এন্ডাররা ভারতের ইনিংসটাকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি। আর মাত্র ৩৪ রান যোগ করেই হারিয়ে ফেলে চারটি উইকেট। অল আউট হয় ১৩৪ রানে।

নিউজিল্যান্ডের হয়ে আবারও সফল তাদের পেসাররা। ট্রেন্ট বোল্ট চারটি ও টিম সাউদি তিনটি করে উইকেট নেন।  ভারতের ইনিংসে মাত্র চার জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। সর্বোচ্চ ২৪ রান করেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে রবিন্দ্র জাদেজা ১৬ রান করে অপরাজিত থাকেন। ওপেনার পৃথ্বী শ ও অধিনায়ক কোহলি—দুজনই ১৪টি করে রান করেন।

১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের লড়াই সহজ করে দেন দুই ওপেনার—টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। দুজনই হাফ সেঞ্চুরি পেয়েছেন। তারা প্রথম উইকেটে ১০২ রানের বড়ো জুটি গড়েন। ব্লান্ডেল ৫৫ ও ল্যাথাম ৫২ রান করেন।

এরপর দুই পেসার জাসপ্রিত বুমরাহ দুটি ও উমেশ যাদব একটি উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। কিন্তু, তাতে পরাজয়ের ব্যবধান কমা ছাড়া কোনো লাভ হয়নি বিরাট কোহলির দলের। সাত উইকেটের বিরাট পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

নিউজিল্যান্ডের জয়ের নায়ক কাইল জেমিসন। প্রথম উইকেটে পাঁচ উইকেট নিয়েছেন এই পেসার। এরপর ব্যাটিং বিপর্যয়ের মুখে করেছেন ৪৯ রান। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তারই হাতে। আর সিরিজ জুড়ে দারুণ বোলিং করা পেসার টিম সাউদি পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।

সিরিজের ফলাফল

টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড ০

ভারত ৫

ওয়ানডে

নিউজিল্যান্ড ৩

ভারত ০

টেস্ট

নিউজিল্যান্ড ২

ভারত ০