নাদালের মেক্সিকান ওপেন জয়

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৫

পুরো টুর্নামেন্টে হারেননি একটা সেটেও। এমন অপ্রতিরোধ্য ফর্মের কারণে মেক্সিকান ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের জয়টাকে তাই মনে  হচ্ছিল অনুমিতই। শেষ পর্যন্ত ঘটেছেও সেটাই। টেইলর ফ্রিটজকে ৬-৩ ও ৬-২ গেমে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে শিরোপাটা জিতলেন দাপটটা ধরে রেখেই, ট্রফি কেসে তুললেন নিজের তৃতীয় মেক্সিকান ওপেন শিরোপা। চলতি মৌসুমে এটিই তার প্রথম ট্রফি, সাকুল্যে ৮৫তম। তবে এ শিরোপা নাদালের জন্য অন্যরকম এক মাহাত্ম্যই বহন করে। ১৫ বছর আগে এ টুর্নামেন্ট দিয়েই যে শিরোপা যাত্রা শুরু করেছিলেন এই স্প্যানিয়ার্ড! নাদালের প্রতিক্রিয়াতেও উঠে এলো ব্যাপারটা, ‘এটাই ছিল আমার জেতা ক্যারিয়ারের প্রথম বড়ো শিরোপা। ১৫ বছর পর আবার এই শিরোপা জিততে পারা সত্যিই অসাধারণ।’