স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটি কারবাও কাপের ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে। এ নিয়ে শেষ নয় মৌসুমে সিটির এটি অষ্টম লিগ কাপ শিরোপা। এমন অর্জনের পর দলটির কোচ পেপ গার্দিওলা একে দেখলেন অনন্য অর্জন হিসেবেই।
রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামের প্রথমার্ধেই হয়েছে সব গোল। ২০ আর ৩০ মিনিটে সার্জিও আগুয়েরো আর রদ্রির গোলে ম্যাচের লাগাম নেয় সিটি। এরপর ৪১ মিনিটে অ্যাস্টন ভিলা এক গোল শোধ করলেও সমতাসূচক গোলের দেখা আর পায়নি পুরো ম্যাচেই। ফলে মৌসুমের প্রথম শিরোপা নিশ্চিত হয় গার্দিওলার শিষ্যদের।
লিগ কাপে দলের আধিপত্য নিয়ে গার্দিওলা বলেন, ‘যখন থেকে আমরা জিততে শুরু করেছি এরপর ৯টি প্রতিযোগিতায় আমরা খেলেছি, জিতেছি আটটিতে। এটা অসাধারণ। ঘরোয়া শিরোপার ইতিহাসে আমাদের মতো কেউই টানা শিরোপা জিততে পারেনি।’
তিনি আরো যোগ করেন, ‘এমনকি আশির দশকের বড়ো লিভারপুল, স্যার অ্যালেক্স ফারগুসনের ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা হোসে মরিনহো, আর্সেন ওয়েঙ্গাররাও এমনটা করে দেখাতে পারেননি। এই দলগুলো অসাধারণ ছিল কিন্তু কেউই নয়টি প্রতিযোগিতার আটটিতে জিততে পারেনি।’ ‘ব্যতিক্রমী’ লিভারপুলের সঙ্গে এ বছর শিরোপার লড়াইয়ে টিকতে না পারলেও সিটি কোচ জানালেন খেলোয়াড়দের শিরোপা জয়ের তীব্র ইচ্ছাই দলকে বড়ো ক্লাব বানিয়েছে।
তিনি আরো বলেন, ‘এর আগে কখনো মাদ্রিদ কিংবা ইউরোপে গিয়ে বড়ো ম্যাচ জিতিনি আমরা কিন্তু এবার আমরা পেরেছি। এর মানে এই নয় যে, আমরা পরের পর্বে চলে গেছি কিন্তু এটা প্রথম ধাপ। মাঠে নেমে চোখে চোখ রেখে লড়াই করাটাই পরের পর্বে যাওয়ার প্রথম ধাপ। একটা কিংবা দুটো শিরোপা জেতার চেয়েও বড়ো ব্যাপার এটা।’
