বড়ো জয়ে শেখ জামালের স্বস্তি

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৬

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ ঃ ১ আরামবাগ

স্পোর্টস রিপোর্টার

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক ৪-১ গোলে আরামবাগকে হারিয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।

প্রিমিয়ার লিগের প্রথম খেলায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে হেরেছিল শেখ জামাল। দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে গোল করে এগিয়ে থেকেও ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছিল। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে ঢাকায় ফিরেছিল শেখ জামাল।

প্রথম দুই ম্যাচই খুব ঝামেলার মধ্যে গেছে। টেনশন নিয়ে থাকতে হয়েছিল মানিককে। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে বড়ো জয়ে মানিকের মুখে চওড়া হাসি। আরো কারণ আছে, লিগের গত আসরের ফিরতি পর্বে পরপর দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি শেখ জামাল।

মানিক সেই কষ্ট থেকে কাল একটু মুক্তই হলেন। একটা বাজে অবস্থা থেকে বেরিয়ে আসছে শেখ জামাল। কিন্তু মানিকের মনে শঙ্কাটা রয়েই যাচ্ছে। কারণ তার ফুটবলাররা গোল মিসের মহড়া দেয়। যেটা কি না একটা অশনি সংকেত। এভাবে গোল মিস করলে ম্যাচ জেতাও কঠিন হয়ে যাবে।

কাল ৪-১ গোলে জিতলেও আরামবাগের বিপক্ষেও শেখ জামাল ফরোয়ার্ডরা গোল মিস করেছেন। ম্যাচের কয়টি গোলই করেছেন বিদেশীরা। তারপরও গোল মিস করা সহ শেখ জামালের পেনাল্টিও মিস করেছেন বিদেশিরা। প্রধমার্ধে শেখ জামাল গোল করলেও আরামবাগ সমতা এনেছিল। ওখানেই শেষ। প্রথমার্ধেই এগিয়ে যায় তিন বারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল।   

ক্যাসিনো কাণ্ডে বন্ধ থাকা আরামবাগের অবস্থা খুব একটা ভালো না। ফুটবল মাঠে প্রদীপটা জ্বালিয়ে রাখার জন্য দল নামানো। অর্থ কষ্ট, আবাসন সংকট তার ওপর দলের অনেক খেলোয়াড় অসুস্থ। যোগ হয়েছে খেলোয়াড়দের অসুস্থতা। এসব কারণে কোচ শেখ জাহিদুর রহমান মিললেন মুখটা মলিন। বললেন, ‘চার পাঁচজন ফুটবলার অসুস্থ। একজন তো মাঠেই বমি করছিল।’   

ম্যাচের পাঁচ গোলই বিদেশিদের। জাহিদের ক্রসের বলটা মাথা লাগিয়ে গোল করলেন আইভরি কোস্টের বাল্লো ফমুসার হেড ১-০। আরামবাগের মিশরীয় মোস্তফা মাহমদু ক্রসের বল টোকা লাগিয়ে গোল করে সমতা আনেন নাইজেরিয়ান এলিটা কিংসলে ১-১। শেখ জামালের গাম্বিয়ান সলোমন কনফরম বল তুলে দিলে আইভরি কোস্টের বাল্লো ফামুসা আলতো ছোঁয়া দিয়ে ডিফেন্ডার এবং গোলকিপারের মাথার ওপর দিয়ে গোল করেন ২-১।

দ্বিতীয়ার্ধে শেখ জামালের জাহিদ পেনাল্টি আদায় করেন। কিন্তু আরামবাগের গোলকিপার রাকিবুল ইসলাম শাওন ঠেকিয়ে দিয়েছেন সলমোন কিংয়ের শট। অবশ্য তিনি এর প্রায়শ্চিত্ত করেছেন ম্যাচের তৃতীয় গোল করে ৩-১। ততক্ষণে আরামবাগও কোণঠাসা, জাহিদের কর্নারের উত্স থেকে গাম্বিয়ান ওমর জোবে গোল করেন ৪-১। শেখ জামাল জেনে গেছে তাদের সঙ্গে আর পেরে উঠবে না আরামবাগ। শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক গোলকিপার জিয়াকে তুলে নিয়ে মাঠে নামান মামুন খানকে।

আজকের খেলা : সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা। ৩টা ১৫, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ।