এলজিআরডির কর্মচারী গ্রেফতার
বরিশাল অফিস
বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার আবাসিক হোটেল সাততারায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত্ ও চাঁদাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বশির উদ্দিন হাওলাদার (৪৪) বরিশাল নগরের কাউনিয়া হাজেরা খাতুন বিদ্যালয় সংলগ্ন সড়কের ভাড়াটিয়া ও এলজিআরডির বরিশাল সদরের ৪র্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস)। থানায় দেওয়া অভিযোগের বরাত দিয়ে হোটেল সাঁততারার মালিকের ছোটো ভাই সানাউল্লাহ চৌধুরী জানান, গত বৃহস্পতিবার বশির হাওলাদার নিজেকে ডিবি পুলিশের সদস্য হুমায়ুন কবির নামে পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করে। এ সময় তিনি হোটেলের বেশ কয়েকটি কক্ষ তল্লাশি করেন এবং হোটেলে অনৈতিক কাজ করা হয় বলে অভিযোগ তোলেন। এরপর হোটেলে মালিকের ছোটো ভাই সানাউল্লাহ চৌধুরী ও হোটেল ম্যানেজার ইউসুফকে মারধর এবং নানাভাবে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় ৩২ হাজার ৫০০ টাকা নেয় এবং হোটেল অবস্থানরতদের হয়রানি করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খায়রুল আলম রবিবার রাতে জানান, তিনি বিষয়টি জানার পরপরই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে এর সত্যতা পান। পরবর্তীতে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরসহ বশির উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু তথ্য দিয়েছে এবং তার পরিচয় হিসেবে এলজিআরডির বরিশাল সদর অফিসে এমএলএসএস পদে কর্মরত রয়েছে বলে জানিয়েছে। তার কাছ থেকে ডিবি লেখা একটি জ্যাকেটসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
