শ্রেণিকক্ষের দাবিতে অনশনে কুবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৯

কুবি সংবাদদাতা

শ্রেণিকক্ষের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। তালা ঝুলানোর সময় প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের ভবনে ঢুকতে দেননি তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।   আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার পর থেকে একটি মাত্র শ্রেণিকক্ষ নিয়ে চলছে সাংবাদিকতা বিভাগ। বর্তমানে পাঁচটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও শ্রেণিকক্ষ বাড়ানো হয়নি। এক সপ্তাহ ধরে আমরা ক্লাস-পরীক্ষা দিতে পারছি না। তারা বলেন, দীর্ঘ চার বছর আমরা একটি কক্ষে ক্লাস ও পরীক্ষা দিচ্ছি। ল্যাব না থাকায় আমরা ব্যবহারিক কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছি না। আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, রবিবার বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করেছি। আজও মিটিং চলছে। আমরা সমাধানের চেষ্টা করছি।