নাটোর প্রতিনিধি
নাটোরে রাজশাহীগামী ট্রেন উত্তরা এক্সপ্রেসের সঙ্গে পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত ট্রলির চালককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর রেল স্টেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর অরক্ষিত রেলগেট এলাকায় পার্বত্যপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক হূদয় হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে নাটোর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
