সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২১

মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠক

সুনামগঞ্জ প্রতিনিধি মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার। তথ্য আপার আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামে জহুর মিয়ার বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য আপার উপজেলা সমন্বয়কারী দিতি রানীর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের গণশুনানি

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে সোমবার গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা উপজেলা অডিটরিয়ামে উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

২ মার্চ রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা দিবস ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার, রংপুর বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা আন্দোলনে প্রথম পতাকা উত্তোলনের ঐতিহাসিক ইতিহাস জানাতে ২ মার্চ রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা দিবস ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। সোমবার রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান জেএসডির রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি রংপুর জেলা কমিটির সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুল ছাদেক জিহাদী প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষ্যে এতিমদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

পাবনা প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে পাবনায় সোমবার সরকারি শিশু পরিবারের এতিমদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে পাবনা সদরের কবিরপুরে অবস্থিত সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে শতাধিক এতিম শিশুদের মধ্যে এ সকল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শিউলী রানী প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভায় মুজিব কর্নার উদ্বোধন

মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদী পৌরসভায় সোমবার মুজিব কর্নার উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র ও বঙ্গবন্ধু শিক্ষা এবং গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মাঈনুল আহসান সবুজ, পৌর প্যানের মেয়র আ. রব হাওলাদার, জাপা সম্পাদক আরিফ হোসেন সরদার, বশার খান প্রমুখ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি

নাটোর প্রতিনিধি পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সোমবার নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপি। শহরের পশ্চিম বাইপাস বেলঘড়িয়া এলাকায় এতিমখানার সামনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এ মানববন্ধন করে। এ সময়  উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর বিএনপির আহ্বায়ক রফিক মাস্টার প্রমুখ।

বিদ্যুত্ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি পুনরায় বিদ্যুত্ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে  বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যা বাহার হিরন প্রমুখ।

নেসকো কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

ডোমার (নীলফামারী) সংবাদদাতা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডোমারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) কর্মরত সকল পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সোমবার অবস্থান কর্ম বিরতি শুরু হয়েছে।

ডোমার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) চত্বরে পিচরেট ঐক্য পরিষদ ডোমার এর আয়োজনে সকল পিচরেট কর্মচারী অর্ধদিবস অবস্থান কর্মবিরতি পালন করেছে।

সিরাজগঞ্জে স্কুল ফিডিং চালু

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সোমবার স্কুল ফিডিং চালু হয়েছে। বেসরকারি সংস্থা এনডিপির পেইস প্রকল্পের আওতয় ‘ডেয়রি ক্লাস্টার উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিকরণ’ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর মধ্যদিয়ে স্কুল ফিডিং চালু করা হয়। পিকেএসএফের অর্থায়নে এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, এনডিপির পরিচালক (কর্মসূচি) শাহ আজাদ ইকবাল, সিনিয়র ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর ডা. মো. তৌফিকুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান-উল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়ায় বইমেলা শুরু আজ

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা ভাঙ্গুড়ায় আজ মঙ্গলবার শুরু হচ্ছে আট দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উত্সব। এ উপলক্ষ্যে উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন মেলা উদ্বোধন করবেন। প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করেছে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ।

কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের শাখা উদ্বোধন

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা নৌপরিবহন সেক্টরের কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিকদের শোষণ নিপীড়ন বন্ধে ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সোমবার বাঁশখালী উপজেলা শাখা উদ্বোধন করা হয়েছে।  বঙ্গোপসাগরের উপকূলবর্তী গন্ডামারা ইউনিয়নের খাটখালী জেটিঘাট এলাকায় কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের বাঁশখালী শাখার সভাপতি আবুল হোসেন সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম ব্যাপারী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সভা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সোমবার দুপুরে আদমদীঘিতে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

পুলিশের মোটরসাইকেল মহড়া

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা উগ্রবাদ, জঙ্গি, সন্ত্রাস, মাদক, চুরি ও ডাকাতি নির্মূলের লক্ষ্যে জুড়ীতে নৈশকালীন মোটরসাইকেল মহড়া শুরু করেছে জুড়ী থানা পুলিশ। রবিবার রাত থেকে এ মহড়া শুরু হয়।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তারক্ষার্থে নিয়মিত চেকপোস্ট এবং টহল গাড়ির পাশাপাশি রাত্রীকালীন মোটরসাইকেল মহড়া চালু করা হয়েছে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত বিশেষ টিমের এই টহল চলবে।

জনসচেতনতা শীর্ষক প্রচার ও সেমিনার

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে সোমবার বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতামূলক প্রচার, প্রেসব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।