স্পোর্টস ডেস্ক
কোচ পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটি কি ঘুরে দাঁড়িয়ে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরতে পারবে?
বড়দিনের ছুটি শেষে আজ বুধবার প্রিমিয়ার লিগের দলগুলোর খেলতে নামার আগে এ প্রশ্নটাই বেশি ঘুরপাক খাচ্ছে ফুটবলামোদীদের মনে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটি এদিন খেলতে যাবে লেস্টার সিটির মাঠে। এ দলটি তাদের আগের খেলায় চেলসিকে হারায়।
লিভারপুল নিজেদের মাঠে নিউক্যাসলের মুখোমুখি হবে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যামও খেলবে নিজ মাঠে। বিপক্ষ বোর্নমাউথ। চতুর্থ স্থানে থাকা চেলসির খেলা আছে ওয়ার্টফোর্ডের মাঠে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা আর্সেনাল যাবে ব্রাইটনে এবং কোচ বদলিয়ে উজ্জীবিত ম্যানচেষ্টার ইউনাইটেড নিজ মাঠে মোকাবিলা করবে হাডার্সফিল্ড টাউনের।
এতসব খেলার মধ্যেও আলোচনায় সিটি। ধারণা করা হচ্ছে, ইনজুরি শেষে দলে ফেরা তিন তারকা গার্দিওলার দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন। অন্তত ফ্যাবিয়ান ডেলফ তাই মনে করেন। সিটি গত শনিবার নিজেদের মাঠেই অপ্রত্যাশিতভাবে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ গোলে হেরে যায়। লিগের শেষ তিন খেলার মধ্যে দুটিতেই হেরে বর্তমান চ্যাম্পিয়নরা কোণঠাসা দশায় পড়েছে।
এ বিপর্যয়ে সিটির রক্ষণভাগকেই দায়ী করা হচ্ছে। তার মধ্যে আগামী মাসে লিভারপুল খেলতে আসবে ইত্তেহাদ স্টেডিয়ামে। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে খেলাতে তিন তারকা সের্জিও অ্যাগুয়েরো, রিয়াদ মাহরেজ ও কেভিন ডি ব্রুইন ইনজুরি কাটিয়ে এসে কিছু সময় খেলেন। ডেলফের বিশ্বাস এই ত্রয়ী লেস্টার সিটি ও পরের খেলায় সাউদাম্পটনের বিরুদ্ধে দলকে তেজ জোগাবেন। ইংল্যান্ড জাতীয় দলের এ মিডফিল্ডার বলেন, ‘অতীত নিয়ে পড়ে না থাকা এবং বর্তমানকে ঘিরে বাঁচাটাই গুরুত্বপূর্ণ। আপনার যখন পুরোপুরি ফিট দল থাকবে, তা সবসময়ই সাহায্য করবে। সে সময় সবাই জায়গা পাওয়ার জন্য লড়াই করে। তবে আমাদের যে কোনো খেলায় জয়ের জন্য দলে যথেষ্ট আছে। তা কেউ ইনজুরিতে থাকুক বা না থাকুক।’ তিনি আরো বলেন, ‘সবাই যার যার ভূমিকা ও পদ্ধতিটা জানে। কিন্তু আমরা স্রেফ দুর্ভাগ্যকবলিত (প্যালেসের বিরুদ্ধে) ছিলাম। আমরা এগিয়ে যাব, দেখবো কি ঘটে এবং এরপর মনোযোগ দেব পরের খেলাটিতে।’
ওই হারটির পরও গার্দিওলা মনে করেন সিটি গেলবারের চেয়ে শক্তিশালী। গতবার তারা ১০০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ জিতেছিল। স্পানিশ এ কোচ এবারও শিরোপা জিতে নতুন রেকর্ড গড়তে চান। বিশেষ করে যেখানে সিটি আগে কখনও টানা দুবার শিরোপা জিতেনি।
গার্দিওলা স্কাই স্পোর্টসকে বলেন, ‘সংক্ষেপে বলতে গেলে আমরা গত মৌসুমের চেয়েও শক্তিশালী। সেটাই স্বাভাবিক কারণ আমরা একত্রে অনেক বেশি সময় কাটিয়েছি।’ তিনি আরো বলেন, ‘অবশ্যই আমরা পয়েন্ট খুইয়েছি। তেমনটা ঘটে। কিন্তু এরপর আমরা সবসময় ঘুরে দাঁড়াই যা কিনা খুবই গুরুত্বপূর্ণ দিক। আর আমি এ ব্যাপারটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করি।’ শিরোপাধারীদের পর তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডও এখন ব্যাপক আলোচনায়। কোচ হোসে মরিনহো চলে যাবার পরই ভারপ্রাপ্ত হিসেবে ওলে গুনার সোলসার এসে দলটিকে আক্রমণাত্মক করে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন। এক সময়ে ম্যানচেষ্টার ইউনাইটেডে খেলা সোলসার আজই নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নামবেন কোচ হিসেবে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ হওয়ার জন্য ইউনাইটেডের দরকার শীর্ষ চারে থাকা। কিন্তু চতুর্থ স্থানে থাকা দলটির সাথে ইউনাইটেডের ব্যবধান এখনো আট পয়েন্টের। তাই দেখার বিষয় সোলসার সামনের খেলাগুলোয় দলকে কতটা টেনে তুলতে পারেন।
