ভারতে রপ্তানি হলো বাংলাদেশে তৈরি এসি

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

ভারতে রপ্তানি হলো ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির বিদ্যুত্ সাশ্রয়ী ইনভার্টার এয়ার কন্ডিশনার। ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার হিসেবে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডকে এসিসহ বিভিন্ন পণ্য তৈরি করে দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত আইওটি বেজড স্মার্ট এবং ইনভার্টার এসি ভারতে রপ্তানি হলো।

গত রবিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আনুষ্ঠানিক ভারতে এসি রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, রিফাহ তাসনিয়া স্বর্ণা, ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর রহমান।