ইত্তেফাক রিপোর্ট
স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের কর্মকাণ্ডের ওপরই বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের গতিশীলতা নির্ভর করে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালনা পর্ষদ বিএসইসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন। অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমানকে চেয়ারম্যান করে গত ২৪ ফেব্রুয়ারি ডিএসইর নতুন এ পর্ষদ গঠিত হয়। গতকাল সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা ও খোন্দকার কামালুজ্জামান।
