স্পোর্টস রিপোর্টার
শেখ রাসেলের ফুটবলার সোহেল রানা ফেডারেশন কাপ ফুটবলের ছুটিতে গিয়ে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তার স্ত্রী ও শিশু সন্তান সেখানেই মারা যান। এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি এই ফুটবলার। তারপরও অনেকের অনুরোধে আবার মাঠে ফিরেছেন। অনুশীলনে যোগ দিয়েছেন। দলের কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন দুই দিন আগে সোহেল রানা অনুশীলনে নেমেছেন। শোকাহত এই ফুটবলার নতুন জীবন শুরু করতে চান। টিটু জানিয়েছেন আজ যদি তারা স্বাধীনতা কাপ ফুটবল চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে সেই ট্রফি সোহেল রানার নিহত পরিবারের প্রতি উত্স্বর্গ করা হবে। অধিনায়ক আশরাফুল ইসলাম রানাও বললেন, ‘সোহেল রানা আমাদেরই সঙ্গী। ট্রফি জিততে তার জন্য খেলতে চাই।’
টিটু বলছিলেন সোহেল রানা আজ ফাইনাল খেলবে না। তবে তার উপস্থিতি আমাদের খেলোয়াড়দের মানসিকভাবে সাপোর্ট দেবে। সেটাই আমাদের দরকার।’ ৫ বছর পর শেখ রাসেল স্বাধীনতা কাপের ফাইনাল খেলছে। শেষ বার ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জয় করেছিল। সেখানে এই টুর্নামেন্টের ট্রফিও ছিল। ছিলেন না কোচ টিটু। বলছিলেন তখনকার কোচ খেলোয়াড় সবই পরিবর্তন হয়েছে।
