থানা হবে জনগণের আস্থা ও বিশ্বাসের স্থান :আইজিপি

আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:২৪

 ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৫ সালে বলেছিলেন বাংলাদেশের পুলিশ হবে জনতার পুলিশ, মানবিক পুলিশ।’ এই পুলিশই হবে আপনার কল্পনার পুলিশ। পুলিশ হবে আপনার বিপদের সহায়। আপনারা লক্ষ্য করবেন, গত দুই বছরে পুলিশ ৯৯৯ এই বিশেষ নম্বরের মাধ্যমে ৫৮ লাখ নাগরিককে সেবা প্রদান করেছে। প্রত্যেকটি থানা হবে জনগণের থানা। থানা হবে জনগণের আস্থা ও বিশ্বাসের স্থান। জনগণ যেন থানায় নির্বিঘ্নে আসতে পারে এবং হাসিমুখে ফিরে যেতে পারে। আমি চাই আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের সেবার জন্য বসে আছি। আর সেই সেবার মানসিকতা যেন আমাদের মধ্যে তৈরি হয়, সেই লক্ষ্যে প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’ সোমবার বিকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সুশীলসমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ মহাপরির্দশক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।