মাইক্রোবাসের ধাক্কায় খালার কোল থেকে পড়ে চার মাসের শিশুসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় খালার কোল থেকে পড়ে রোকাইয়া খাতুন রিপা নামে চার মাসের এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার চৌডলা-কানসাট সড়কের মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপা চৌডলা ইউনিয়নের মাদ্রাসা মোড় এলাকার রাশিদুল ইসলামের মেয়ে।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ দুই জন নিহত হয়েছে। গতকাল লঞ্চঘাট এলাকা ও রবিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা দুইটি ঘটে। নিহতরা হলো— গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার হাফেজ আব্দুল জলিলের স্ত্রী তকিবুন্নেছা (৬২) ও কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের মনসুর শেখের শিশুপুত্র সাজ্জাদ (৭)।
নাগেশ্বরী (কুড়িগ্রাম): নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় রাকিব নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রাকিব পৌর এলাকার পানাকুড়ি মেম্বারপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। গতকাল নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের পানাকুড়ি মেম্বারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গোবিন্দগঞ্জ-কামদিয়া সড়কের বইলগ্রাম নামক স্থানে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছে। তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের ফেসচকা গ্রামের বাসিন্দা।
কালাই (জয়পুরহাট): কালাই বাসস্ট্যান্ড এলাকায় কালাই-বগুড়া মহাসড়কে গতকাল ট্রাক চাপায় আবুল কালাম আজাদ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। কালাম লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের বাসিন্দা।
মাগুরা: পৌর এলাকার পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ মোড়ে ট্রাকের ধাক্কায় নসিমন উলটে চালক কিবলু মোল্ল্যা (৪৫) নিহত হন। তিনি ঐ গ্রামের বাসিন্দা।
রাজারহাট (কুড়িগ্রাম): রাজারহাটে ঠাটমারী বধ্যভূমি এলাকায় রবিবার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে শফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শফিকুল ইসলাম ঐ এলাকার বাসিন্দা।
