দুই বন্ধুরাষ্ট্রের সীমান্তে হত্যাকান্ড ঘটা দুঃখজনক

আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:৩০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছেন, দুই বন্ধু রাষ্ট্রের সীমান্তে এ ধরনের ঘটনা দুঃখজনক। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠক শেষে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনা হবে। কিন্তু সেই লক্ষ্য এখনো অর্জন করতে পারিনি। ভারতের পররাষ্ট্র সচিব সীমান্ত হত্যা বন্ধের লক্ষ্যে চেষ্টা চালাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, এটাতে কিছুটা অসুবিধা আছে তাদের। আশা করছি এটা আগামীতে হবে। প্রসঙ্গত, ৯ বছর আগে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির মুখে তা আটকে যায়।